Site icon দ্বিপ্রহর ডট কম

জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ করতেন না : বিজেপি নেতা

জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ করতেন না : বিজেপি নেতা

জওহরলাল নেহরুর জায়গায় মোহাম্মদ আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না— লোকসভা নির্বাচন চলাকালীনই এমন মন্তব্য করলেন ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। আর এই বিতর্কিত মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপির। শনিবার মধ্যপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন রতলাম কেন্দ্রের বিজেপি প্রার্থী গুমান সিংহ দামোর।

লোকসভা নির্বাচনের বেশ কিছু দিন আগে থেকেই ভারতজুড়ে পাকিস্তান বিরোধী হাওয়া জোরালো করতে সক্রিয় হয়ে উঠেছিল বিজেপি শিবির। রাজনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে সখ্যের অভিযোগ তুলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই রকম একটা পরিস্থিতিতেই এই মন্তব্য করলেন খোদ বিজেপি প্রার্থীই। বিজেপির হয়ে ভোট চাইতে গিয়ে গুমান সিংহ দামোর বললেন, ‘‘স্বাধীনতার সময় প্রধানমন্ত্রিত্বের জন্য নেহরু না দৌড়লে দেশভাগ হতো না। কারণ, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন এক জন আইনজীবী এবং শিক্ষিত ব্যক্তি।’’ 
এখানেই না থেমে গুমান সিংহ বলেন, ‘‘নেহরুর জায়গায় জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না। কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে।’’

মুসলিম লিগের প্রাণপুরুষ এবং উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহর সম্পর্কে বিজেপি নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক মহলে।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তিনি খুশি হবেন, কিছু দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। বিজেপি শিবিরের বিরুদ্ধে পাকিস্তান আঁতাতের অভিযোগ এনেছিল কংগ্রেস। গুমান সিংহের এই মন্তব্য নিশ্চিত ভাবেই নতুন অস্ত্র তুলে দিলো বিরোধীদের হাতে।

Exit mobile version